বুধবার
(১৫ সেপ্টেম্বর) প্রভোস্ট কমিটি এক ডোজ টিকা নেওয়ার সনদ ও বৈধ কাগজপত্র দিয়ে ৫ অক্টোবর
থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য
খুলে দেওয়ার সুপারিশ করে।
শনিবার
১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের
এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রভোস্ট
স্ট্যান্ডিং কমিটি ও একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিন্ডিকেটের
সিদ্ধান্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বলা হয়, অনার্স ৪র্থ বর্ষ এবং মাস্টার্সের যেসব শিক্ষার্থী অন্তত ‘কোভিড-১৯’-এর
প্রথম ডোজ টিকা নিয়েছে, তারা স্বাস্থ্যবিধি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)
অনুসরণ করে টিকা গ্রহণের কার্ড/সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে
দেখিয়ে গ্রন্থাগার ব্যবহার ও নিজ নিজ হলে উঠতে পারবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ২৬ সেপ্টেম্বর
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগীয়/ইনস্টিটিউটের
সেমিনার লাইব্রেরিগুলো ব্যবহার করতে পারবে। সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীরা ৫ অক্টোবর
সকাল ৮টা থেকে নিজ নিজ হলে উঠতে পারবে। শিক্ষার্থীদের বিভিন্ন সেবাপ্রদানকারী কর্মকর্তা/কর্মচারীদেরও
টিকা গ্রহণের সনদ/প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।
এতে
আরও বলা হয়, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী- স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল ও একাডেমিক ভবনের দৃশ্যমান জায়গায় স্বাস্থ্যবিধি
অনুসরণের নির্দেশিকা সংবলিত ব্যানার/ফেস্টুন থাকবে। টিকা গ্রহণ সাপেক্ষে পর্যায়ক্রমে
অনার্স ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য নিজ নিজ আবাসিক হল খুলে দেওয়া হবে। আবাসিক
হলগুলোতে আগের মতো ঠাসাঠাসি করে বসবাস করা এবং কথিত কোনো ‘গণরুম’
রাখা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র নিয়মিত আবাসিক শিক্ষার্থীরা হলে অবস্থান
করবে। একইসঙ্গে ২৬ সেপ্টেম্বর থেকে এ দুই বর্ষের শিক্ষার্থীরা বিভাগের সেমিনার ও কেন্দ্রীয়
লাইব্রেরি ব্যবহার করতে পারবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।
সভায়
হল ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ক্রিয়াশীল ছাত্র সংগঠনসহ সংশ্লিষ্ট
সবার সহযোগিতা প্রত্যাশা করা হয়।
বিশ্ববিদ্যালয়ে
টিকা কেন্দ্র স্থাপনের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী
টিকা কার্যক্রমের আওতায় আসার পর সশরীরে শ্রেণি কার্যক্রমের তারিখ নির্ধারণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে টিকা প্রদান
কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থী এখনো টিকার জন্য রেজিস্ট্রেশন
করেনি, তাদেরকে জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ দিয়ে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে
রেজিস্ট্রেশনের আওতায় এসে টিকা গ্রহণের জন্য বলা হয়েছে।
