পামওয়েল শিল্প এবং বিভিন্ন প্লানটেশন খাতে জরুরি ভিত্তিতে ৩২ হাজার বিদেশি কর্মী নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ বিভাগ।
এর আগে পাম ও বৃক্ষরোপন খাতে তীব্র শ্রমিক সঙ্কটে উৎপাদন ব্যাহত হওয়ায় দেশটির চাইনিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সরকারকে অনুরোধ করেন বিদেশি শ্রমিক নিয়োগ দেয়ার জন্য। পরে সরকারের পক্ষ থেকে বাগান খাতে শ্রমিকের ঘাটতি দূর করতে ৩২ হাজার বিদেশি কর্মী নিয়োগে অনুমোদন দিয়েছে। এখন জরুরি প্রয়োজনে উৎস দেশ থেকে কর্ম নিয়োগের প্রস্তুতি চলছে।
শুক্রবার বিকেলে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরী এম সারভানান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া মানবসম্পদ মন্ত্রণালয় (এমওএইচআর) স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) এ বিষয়ে একটি খসড়া তৈরি করেছে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) কাছে একটি বিদেশি শ্রমিক কোয়ারেন্টিন সেন্টার চিহ্নিত করেছে যেখানে একসাথে ২ হাজার কর্মচারী থাকতে পারবে।
দেশটির চীনা চেম্বার অব কমার্স পাম বাগানের শ্রমিক সঙ্কট দূরীকরণে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ।
চাইনিজ কমার্স সভাপতি বলেন, মার্কিন সরকার কর্তৃক মালয়েশিয়াকে সবচেয়ে খারাপ পর্যায়ে নামিয়ে আনার পর দেশটির রেটিং উন্নত করতে ব্যর্থ হলে দেশের ভাবমূর্তি এবং মালয়েশিযার কোম্পানিগুলোর সুনাম হুমকির মুখে পড়বে বলেও যোগ করেন চীনা চেম্বার অব কমার্সের সভাপতি দাতুক লো কিয়ান চুয়ান।

