মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর সড়ক নামে খিলগাঁওয়ের একটি সড়কের নামকরণের অনুমোদন দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ওয়ার্ড খিলগাঁও চৌধুরীপাড়ার ৬ নম্বর সড়কটি (হোল্ডিং নং ১৩২১ থেকে হোল্ডিং নং ১২৮০ হয়ে ১২৬৬ পর্যন্ত) 'মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর সড়ক' নামে নামকরণের অনুমোদন দেওয়া হয়।
এছাড়া সর্বসম্মতিক্রমে সংসদ ভবন এভিনিউ খেজুর বাগান (ইসলামিয়া আই হসপিটাল) থেকে বিজয় সরণি (এরোপ্লেন মোড়) পর্যন্ত সড়ক 'শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম সড়ক' নামে নামকরণের অনুমোদন হয়।
রবিবার (২৬ সেপ্টেম্বর) গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে দ্বিতীয় পরিষদের অষ্টম করপোরেশন সভায় ওই দুটি সড়কের নতুন নামকরণ করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে গুলশান বনানী ও বারিধারা এলাকার জন্য পুনর্নির্ধারিত খসড়া রেইটস চার্ট অনুমোদন করা হয়েছে।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে দ্বিতীয় পরিষদের অষ্টম কর্পোরেশন সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে ঢাকাকে মুক্ত করে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
